সাতক্ষীরার জেলা ও দায়রা জজকে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আবুল হোসেন খানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।আবুল হোসেন খানের স্থলে কাল রোববার আইন মন্ত্রণালয়ে কর্মরত ওবায়দুস সোবহান যোগ দেবেন।দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের চিঠিতে আবুল হোসেন খানকে বৃহস্পতিবারের মধ্যে সাতক্ষীরা আদালতে তাঁর পরবর্তী জ্যেষ্ঠ বিচারিক কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ বদলির আদেশ জারি করা হয়েছে।এ ব্যাপারে আবুল হোসেন খান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘চাকরির স্বাভাবিক নিয়মে আমাকে বদলি করা হয়েছে। বদলির আদেশ পাওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন আজাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেব। এর সঙ্গে অর্ণব হত্যা মামলার রায় এবং ফ্ল্যাট ও গাড়ি কেনার অভিযোগ সম্পর্কিত নয়।’দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় শিশু অর্ণব হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামিকে আইন-বহির্ভূতভাবে মুক্তি দেওয়া এবং দুর্নীতির মাধ্যমে সরকারের অনুমোদন ছাড়াই ঢাকায় একটি ফ্ল্যাট ও একটি গাড়ি কেনার অভিযোগ ওঠায় জেলা ও দায়রা জজ আবুল হোসেন খানকে এই বদলি করা হয়।