সাতক্ষীরার দুটি বিদ্যালয়ে ১০০ শিক্ষার্থীর হাতে প্রথম আলো
‘সংবাদপত্রের মাধ্যমে শিক্ষা’ কার্যক্রমের আওতায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ও সাতক্ষীরার ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের প্রথম আলো সরবরাহ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্ন আয়ের পরিবারের ১০০ মেধাবী শিক্ষার্থীর হাতে প্রথম আলো তুলে দেওয়া হয়।
‘সংবাদপত্রের মাধ্যমে শিক্ষা’ কার্যক্রমের আওতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায় বিদ্যালয় দুটিতে প্রতিদিন ১০০ কপি করে আগামী এক বছর প্রথম আলো সরবরাহ করা হবে।
দুপুর ১২টার দিকে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ ৬৫ কপি প্রথম আলো তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকেরা ছাড়াও সাংবাদিক সচ্চিদানন্দ দে উপস্থিত ছিলেন।
বেলা একটায় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোদাচ্ছেরুল হক বিদ্যালয়টির ৩৫ জন শিক্ষার্থীর হাতে প্রথম আলো তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার ও জ্যেষ্ঠ শিক্ষক স্বদেশ কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।
দুটি অনুষ্ঠানেই প্রথম আলোর খুলনা অঞ্চলের বিক্রয় নির্বাহী আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের কেন প্রথম আলো পড়া দরকার, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ২১০টি দেশে ৬০ লাখের বেশি পাঠক প্রথম আলো পড়েন। এটি একটি পরিপূর্ণ খবরের কাগজ, যা পরিবারের সবার পড়ার জন্য উপযোগী।