সাতক্ষীরার নয়টি সড়কে যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় অবৈধ নছিমন, করিমন, ইজিবাইক, মহেন্দ্র চলাচল বন্ধ দাবি এবং হরতাল ও বিক্ষোভের নামে জামায়াত-শিবিরের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরার নয়টি সড়কে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটরশ্রমিক ইউনিয়ন।
গতকাল মঙ্গলবার ভোর থেকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটরশ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা সাতক্ষীরা-খুলনা
সড়কের তিন রাস্তা মোড়ে এলোপাতাড়িভাবে বাস রেখে অবরোধ সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম জানান, সাতক্ষীরার সড়ক ও মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইক, মহেন্দ্রসহ সব অবৈধ যান চলাচল বন্ধ করা এবং হরতাল ও বিক্ষোভ সমাবেশের নামে জামায়াত-শিবিরের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে বারবার বলার পরও এদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় বাসমালিক ও শ্রমিকেরা যৌথভাবে এ কর্মসূচির ডাক দিয়েছেন। প্রশাসন তাঁদের দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে।
পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রমিক ও মালিকদের সঙ্গে বসার উদ্যোগ নেওয়া হয়েছে।