সাতক্ষীরার বধ্যভূমিগুলো পড়ে আছে অবহেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৩৯ বছর পরও সাতক্ষীরার গণকবর ও বধ্যভূমিগুলো অবহেলায় পড়ে আছে। সংরক্ষণের অভাবে এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি দেশের ২০০টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। কিন্তু ওই তালিকায় সাতক্ষীরা জেলার নাম না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, স্বাধীনতাযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে বিভিন্ন স্থানে। একাত্তরের ওই বর্বর গণহত্যার সাক্ষী হয়ে আছে সাতক্ষীরা শহরের সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন দীনেশ কর্মকারের ভিটা, ঝাউডাঙ্গা, বাঁকাল ব্রিজ এলাকা, পারকুমুরিয়া, রাঢ়িপাড়া, কলারোয়া, মুরারীকাটি, জালালপুর, কিসমত ইলিশপুর, বালিয়াডাঙ্গা, কলারোয়া ফুটবল মাঠের দক্ষিণ পাশ, হরিনগর, বড়দল দেবহাটা, বৈচনা, পারুলিয়াসহ ২৫-৩০টি স্থান। এসব স্থানের একটিও সংরক্ষণ করা হয়নি।এলাকাবাসী জানান, ১৯৭১ সালের ২১ এপ্রিল ভোরে পাকিস্তানি হানাদার বাহিনী ছিয়ানব্বই গ্রামের কয়েক হাজার মানুষকে গুলি করে হত্যা করে। পরে তাদের সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন দীনেশ কর্মকারের ভিটায় গণকবর দেওয়া হয়।২৩ এপ্রিল তালা উপজেলার পারকুমুরিয়া ও পুটিখালী গ্রামে পাকিস্তানি হানাদারেরা প্রবেশ করে ৪৯ জনকে হত্যা করে। তাদের পারকুমুরিয়া গ্রামে গণকবর দেওয়া হয়। সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যকরী পরিষদের সদস্য হাসনে জাহিদ বলেন, রাজাকাররা মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালিদের নির্যাতন চালিয়ে নির্বিচারে হত্যা করেছে। কোনো কোনো স্থানে বধ্যভূমিতে, আবার কোথাও গণকবর করে তাদের সমাহিত করা হয়েছে। সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় এগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলা মুিক্তযোদ্ধা সংসদের কমান্ডার ইনামুল হক বিশ্বাস জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে শহীদ মুক্তিযোদ্ধা ও বধ্যভূমির তালিকা আগেই পাঠানো হয়েছে। সম্প্রতি আবার তালিকা চাওয়ায় নতুন করে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। মন্ত্রণালয় নতুন বধ্যভূমি সংরক্ষণের যে তালিকা করেছে, তাতে সাতক্ষীরা জেলার নাম না থাকা দুঃখজনক। সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধ ও যুদ্ধকালীন ঘটনা সম্পর্কে কিছু তথ্য চাওয়া হয়েছে। বধ্যভূমি সম্পর্কে কোনো তথ্য চাওয়া হয়নি।