ভারতীয় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল শনিবার ভারতের ঘোঝাডাঙ্গা-বশিরহাট সড়কের কলবাড়ি নামক স্থানে ডাকা অবরোধে সাতক্ষীরার ভোমরা বন্দর প্রায় অচল হয়ে গেছে। এতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে ঢোকার অপেক্ষায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ভারতীয় অংশে দাঁড়িয়ে আছে।দায়িত্বশীল সূত্র জানায়, গত বৃহস্পতিবার ভারতের উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমা সদরের কলবাড়ি থেকে মোস্তফা কামাল (২৫) নামের এক যুবক নিখোঁজ হন। গতকাল শনিবার ইছামতী নদীর ইটেন্ডিয়া ঘাট থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভারতের কলবাড়ি এলাকার নাগরিক কমিটি গতকাল দুপুর ১২টা থেকে ঘোঝাডাঙ্গা-বশিরহাট সড়কের কলবাড়ি নামক স্থানে অবরোধ করে। এ সময় ভারত থেকে ১৮২টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। তবে বেলা দুইটার পর কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারেনি।ভারতের ঘোঝাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কান্তি দত্ত অবরোধের সত্যতা নিশ্চিত করে জানান, কলবাড়ি থেকে বশিরহাট পর্যন্ত তিন শতাধিক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে।বন্দরের কার্গো কর্মকর্তা তপন হালদার জানান, গতকাল দুপুরের আগ পর্যন্ত ১৮২টি ভারতীয় পণ্যবাহী ট্রাক ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে এসেছে। তবে বাংলাদেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারতে যায়নি।