সাতক্ষীরার সঙ্গে সারা দেশের টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলার সঙ্গে সারা দেশের টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত সোমবার রাত থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। জেলা বিটিসিএলের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা টেলিফোন এক্সচেঞ্জের আওতায় তিন হাজার গ্রাহক রয়েছেন। গত সোমবার বিকেল চারটার দিকে এক্সচেঞ্জে ত্রুটি দেখা দেয়। গতকাল ভোর থেকে এক্সচেঞ্জ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় থেকে সারা দেশের সঙ্গে জেলার টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শেখ আমজাদ হোসেন জানান, গত সোমবার রাতে ব্যাটারি চার্জ না হওয়ায় এক্সচেঞ্জ বন্ধ হওয়ার উপক্রম হয়। এ সময় এক হাজার টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন করে এক্সচেঞ্জ চালু রাখার চেষ্টা চালানো হয়। গতকাল সকালে যশোরের বিভাগীয় প্রকৌশলী বেনজির আহমেদ ও কুষ্টিয়ার বিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম সাতক্ষীরা এসে ত্রুটি নির্ণয়ের চেষ্টা করেন। একটি যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় এক্সচেঞ্জের ব্যাটারি চার্জ হচ্ছে না। কখন এক্সচেঞ্জ চালু করা সম্ভব হবে তাও বলা যাচ্ছে না।জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি অফিসের কর্মকর্তারা জানান, ব্যক্তিগত পর্যায়ে মুঠোফোনে যোগাযোগ করা গেলেও অফিসের ফ্যাক্সবার্তা আদান-প্রদানে তাঁদের মারাত্মক অসুবিধায় পড়তে হচ্ছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংযোগ চালু হয়নি বলে জানা গেছে।