সাতক্ষীরার সব পথে বাস ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নছিমন, করিমন, ইঞ্জিনভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের দাবিতে বাস-মিনিবাস পরিবহন শ্রমিকেরা সাতক্ষীরার সব রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই এ ধর্মঘটের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। ধর্মঘট চলাকালে গতকাল মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরে সাতটি ইজিবাইক ভাঙচুর ও গাড়িতে থাকা লোকজনের কাছে থাকা টাকা-পয়সা লটুপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন রুটে চলাচলকারী কয়েকটি ইঞ্জিনভ্যানের টায়ার ও টিউব খুলে নিয়েছেন শ্রমিকেরা। সাতক্ষীরা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য আবদুস সালাম জানান, সম্প্রতি জেলার ১০টি রুটে নছিমন, করিমন, ইঞ্জিনভ্যান ছাড়াও ইজিবাইক চলছে। ফলে বাসে যাত্রী কমে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে ধর্মঘট ডাকতে হয়েছে। সাতক্ষীরা জেলা ইজিবাইক চালক সমিতির সভাপতি শরদিন্দু ঘোষ অভিযোগ করেন, বাস শ্রমিকেরা গায়ের জোরে ইজিবাইক চলাচল বন্ধ করতে গতকাল সকালে চারটি ইজিবাইক গাড়ি ভাঙচুর করেছে। কালীগঞ্জের ইঞ্জিনভ্যান চালক সমিতির সদস্য নলতা গ্রামের কনক দাস অভিযোগ করেন, গতকাল সকালে কালীগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক সমিতির লোকজন তাঁদের কয়েকজনের গাড়ি আটক করে টায়ার ও টিউব কেটে দিয়েছেন।