সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।বাসশ্রমিক আবদুল রহমান, আবদুল লতিফ ও গোলাম হোসেন জানান, গত শনিবার সাতক্ষীরা-আশাশুনি সড়কের চিলেডাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খায়রুল আলম মারা যান। এ ঘটনার জের ধরে উপজেলার শীর্ষস্থানীয় আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে স্থানীয়রা চারটি বাস ও মালিক সমিতির টিকিট কাউন্টার ভাঙচুর করে। পরে সাতক্ষীরা-আশাশুনি বাস চালালে ভাঙচুর করা হবে বলে হুমকি দেওয়া হয়। ওই দিন থেকে সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।শ্রমিকেরা আরও জানান, ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে সাতক্ষীরা-যশোর, সাতক্ষীরা-কেশবপুর, সাতক্ষীরা-তালা, সাতক্ষীরা-বৈকারী, সাতক্ষীরা-আশাশুনি, সাতক্ষীরা-ভোমরা, সাতক্ষীরা-শ্যামনগর ও সাতক্ষীরা-বাকা সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এ ব্যাপারে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান জানান, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাস ধর্মঘট কিংবা বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। সাধারণ শ্রমিকেরাই জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।সাতক্ষীরা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল করিম বাস চলাচল বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মারা গেলে তার জন্য আইন আছে। আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার পরও বাস চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন শ্রমিকেরা। শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেওয়ার ব্যাপারে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করেননি বলে জানান তিনি।সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, বিষয়টি নিরসন ও বাস চালু করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।