সাতক্ষীরায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শ্রমিক নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার সকাল থেকে সাতক্ষীরার সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা । সাতক্ষীরা জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মকছুদুর রহমান জানান, সাতক্ষীরা শহরের আবুল কালাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের ইটেগাছা ট্রাক সমিতি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। ইতিমধ্যে সমিতির সভাপতি আনছার আলী তাঁর বিরুদ্ধে বিস্তারিত জানিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দিলেও পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহণ না করে কালক্ষেপণ করছে। এদিকে সাতক্ষীরা ইটেগাছা ট্রাক সমিতির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সম্পাদক আবদুল আজিজের ও যুগ্ম সম্পাদক আজিজুল হকের নামে আবুল কালামের করা চাঁদাবাজির মামলা পুলিশ গ্রহণ করেছে। ওই মামলা প্রত্যাহার ও আবুল কালামকে গ্রেপ্তারের দাবিতে তাঁরা গতকাল সকাল থেকে এ ধর্মঘটে অংশ নিয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাসটার্মিনালে কথা হয় সাতক্ষীরা শহরের আবদুল হামিদের সঙ্গে। তিনি চাকরি করেন খুলনায়। তিন দিন ছুটির পর অফিসে যাওয়ার জন্য সকালে এসে জানতে পারেন যানবাহন বন্ধ। তাই অফিসে যেতে পারছেন না। সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল করিম জানান, পাঁচটি শ্রমিক সংগঠন একত্রে ধর্মঘট ডেকেছে। এ ধর্মঘটে মালিক সমিতির সমর্থন রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী খান জানান, মামলাটি আবুল কালাম আদালতে করেছেন। আদালতের নিদের্েশ তিনি মামলাটি গ্রহণ করেছেন। তিনি দাবি করেন, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে।