সাতক্ষীরায় অনেক সড়ক থেকে অবরোধ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরুদ্ধ সাতক্ষীরার অধিকাংশ সড়ক থেকে অবরোধ অপসারণ করা হলেও মানুষের চলাচল নেই বললেই চলে। কোনো কোনো জায়গায় কাটা গাছ সড়কের অর্ধেক অংশজুড়ে রয়েছে। সড়কের পাশে পড়ে রয়েছে বিদ্যুতের কংক্রিটের খুঁটি ও গাছের গুঁড়ি। মাটির ঢিবিও অপসারণ করা হচ্ছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার সাতক্ষীরা-কালীগঞ্জ, সাতক্ষীরা-কলারোয়া ও সাতক্ষীরা-আশাশুনি সড়কে এমন অবস্থা দেখা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা-শ্যামনগর প্রধান সড়ক অবরোধে ব্যবহূত গাছ, বিদ্যুতের কংক্রিটের খুঁটি, বাঁশ কিংবা মাটির ঢিবি অপসারণ করা হলেও ওই এলাকার সংযোগ সড়কগুলো গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে।

কালীগঞ্জের কৃষ্ণনগর গ্রামের নূরুল ইসলাম জানান, দু-তিন দিন ধরে শ্যামনগর-সাতক্ষীরা প্রধান সড়ক থেকে বিজিবি ও পুলিশ অবরোধ অপসারণ করছে। প্রধান সড়ক কিছুটা পরিষ্কার হলেও আতঙ্কে বাড়ি থেকে মানুষ বের হচ্ছে না। শ্যামনগরের জমিদারবাড়ি এলাকার নছিমনচালক শাহিন হোসেন ও কালীগঞ্জ বাজারগ্রামের মো. খবির জানান, কালীগঞ্জ-বাঁশতলা সড়কের খেজুরতলা, বুড়িরমোড়, গান্দিরকান্দা; কালীগঞ্জ-কলিকাপুর সড়কের গাবিন্দপুর, জিরনগাছা, ঠেকরা, চৌমহনী চার রাস্তার মোড়, রামনগর মোড়; কালীগঞ্জ-নূরনগর সংযোগ সড়কের শীতলপুর মোড়সহ একাধিক সড়কে গাছ, বাঁশ ও মাটির ঢিবির অবরোধ এখনো রয়েছে। তাঁরা জানান, গ্রাম থেকে মানুষ শহরে ভয়ে আসছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা, ছয়ঘরিয়া, মাধবকাটি, যুগীবাড়ি এলাকা থেকে অবরোধে কেটে রাখা গাছ অপসারণ করে ভ্যান কিংবা মোটরসাইকেল চলাচলের উপযোগী করা হয়েছে। পুলিশ ও বিজিবি সরে গেলেই আবার অবরোধ করা হচ্ছে। কলারোয়া-কেশবপুর সড়কের সরশকাটির প্রায় এক কিলোমিটার এলাকায় গাছের গুঁড়ি ফেলে সোমবার সন্ধ্যা থেকে অবরোধ করা হয়েছে। সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর ও বুধহাটা ছাড়াও কয়েকটি স্থানে কেটে রাখা গাছ পুলিশ গতকাল বেলা দুইটার দিকে অপসারণ করে।

শ্যামনগর সদরের আবদুল হাকিম জানান, তাঁর একজন আত্মীয়র চিকিৎসক দেখাতে সাতক্ষীরায় যাওয়া প্রয়োজন। কিন্তু কোনো গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স ভাড়া পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, সড়কে অবরোধ থাক বা না থাক, ভয়ে কেউ যেতে চাইছে না।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান,  সাতক্ষীরা-কালীগঞ্জ, সাতক্ষীরা-আশাশুনি, সাতক্ষীরা-কলারোয়া ও সাতক্ষীরা-পাটকেলঘাটা সড়ক থেকে অবরোধ অপসারণ করা হয়েছে। গাড়ি চলাচল করলে মানুষ স্বাভাবিক হবে।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান বলেন, গত শনিবার থেকে অবরোধ অপসারণ করা হচ্ছে। এখন সীমান্ত এলাকার, বিশেষ করে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। চলাচলে প্রতিবন্ধকতা দূর হলে মানুষ আস্তে আস্তে বাইরে বের হবে।