সাতক্ষীরায় অনেকে প্রবেশপত্র পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার মাত্র এক দিন বাকি থাকলেও সাতক্ষীরায় অনেক আবেদনকারী এখনো পরীক্ষার প্রবেশপত্র পাননি। প্রবেশপত্র না পেয়ে উদ্বিগ্ন চাকরিপ্রার্থীরা প্রতিদিন জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ভিড় করছেন। আগামীকাল শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় ১০৪টি পদের বিপরীতে সাতটি উপজেলা থেকে আবেদনপত্র জমা পড়েছে ২০ হাজার ৬৭৮টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৯ হাজার ৩৩৩ জনের নামে ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। বাকি এক হাজার ৩৪৫টি আবেদনপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল করা হয়েছে।সূত্র আরও জানায়, আশাশুনি উপজেলায় দুই হাজার ৭৮৪, কলারোয়ায় দুই হাজার ৪৩৭, কালীগঞ্জে দুই হাজার ৪৫৭, তালায় তিন হাজার ২৩০, দেবহাটায় এক হাজার ১৫০, শ্যামনগরে দুই হাজার ৬৬০ ও সাতক্ষীরা সদর উপজেলায় চার হাজার ৬১৫ জনের প্রবেশপত্র পাঠানো হয়েছে। সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার শহীদুনেচ্ছা খাতুন, মৃগেডাঙ্গা গ্রামের জেসমিন আরা বেগম ও কালীগঞ্জ উপজেলা সদরের গুলশান আরা বেগমের সঙ্গে গত মঙ্গলবার কথা হয় সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে। তাঁরা এখনো প্রবেশপত্র পাননি বলে জানান। তাঁদের আবেদনপত্র বাতিল হয়েছে কি না, তাও জানতে পারছেন না। তাঁদের মতো একই অভিযোগ নিয়ে এক সপ্তাহ ধরে প্রতিদিন শতাধিক প্রার্থী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ভিড় করছেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা জানান. আবেদনপত্র যাচাই-বাছাই করে ১০ দিন আগে ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। এক হাজার ৩৪৫টি আবেদনপত্র ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হয়েছে। তবে যাঁদের আবেদনপত্র বাতিল হয়নি অথচ প্রবেশপত্র পাননি, তাঁরা জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করলে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রবেশপত্র দেওয়া হবে।