সাতক্ষীরার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ও আজ সোমবার ভোরে এ অভিযান চালানো হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলো ডটকমের কাছে এ দাবি করেন।
তবে সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুল ইসলাম দাবি করেন, দলের একজন কর্মী নিহত হওয়ার খবর তাঁর জানা আছে। অন্য কেউ নিহত হয়েছেন কি না, তা পরে জানাবেন।
পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি জাহাঙ্গীর হোসেন (২৫)। বাকি চারজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহত ব্যক্তিরা সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ। তবে স্থানীয় সূত্রের ভাষ্য, নিহত ব্যক্তিরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যৌথবাহিনীর পৃথক দল গতকাল দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযানে নামে। ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী এলাকায় গেলে জামায়াত-শিবিরের কর্মীরা এক জোট হয়ে যৌথবাহিনীর ওপর হামলা চালান। তাঁরা যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে বোমা, ককটেল ও ইটপাটকেল ছোড়েন। এ সময় যৌথবাহিনী গুলি ছোড়ে। এতে আগরদাড়ী এলাকার সাতানি গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) নিহত হন। তিনি শিবিরের কর্মী বলে জানা গেছে।
যৌথবাহিনীর অপর একটি দল সদর উপজেলার পদ্মশাঁখরা এলাকায় রাত দুইটার দিকে অভিযানে যায়। সেখানেও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর হামলা চালান। যৌথবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তুললে গুলিতে দুজন নিহত হন। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
দেবহাটা উপজেলার সখীপুর এলাকায় রাত চারটার দিকে অভিযানে যায় যৌথবাহিনী। সখীপুর বলফিল্ড এলাকায় পৌঁছলে একই কায়দায় যৌথবাহিনীর ওপর হামলা চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় যৌথবাহিনীর গুলিতে অজ্ঞাত দুজন নিহত হন। আবদুর রউফ (৩২) ও রিয়াজুল ইসলাম (৩৫) নামের দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন।
সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযানে গেলে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় পাঁচজন নিহত হয়। অভিযানের সময় দেবহাটা উপজেলা থেকে ছয়জন ও কলারোয়া উপজেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া পদ্মশাঁখরা ও সখীপুর এলাকায় উত্তেজিত জনতা বেশ কয়েকজন জামায়াত-সমর্থকের ঘরবাড়ি পুড়িয়ে দেয়।
ঘটনার বিষয়ে জানতে সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তাঁর কাছে দলের একজন কর্মী নিহত হওয়ার খবর আছে। আর কেউ নিহত হয়েছেন কি না, তা তাঁর জানা নেই। অন্য কেউ মারা গেছেন কি না, তা পরে জানাবেন তিনি।
১৮ দলের গত ২৬ নভেম্বর থেকে তিন দফায় ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে সাতক্ষীরা কার্যত এক ‘আতঙ্কের জনপদে’ পরিণত হয়। ওই সময় থেকে গতকাল রোববার পর্যন্ত এখানে আওয়ামী লীগ নেতাসহ ১২ জন নিহত হন। তাঁদের মধ্যে নয়জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বাকি তিনজন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কার্যকর ভূমিকা পালন করেনি বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় ১১ ডিসেম্বর ব্যর্থতার অভিযোগে জেলার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়।
১২ ডিসেম্বর রাতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর থেকে জেলায় শুরু হয় জামায়াত-শিবিরের তাণ্ডব। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। চার দিনে হিন্দু সম্প্রদায়ের ৩০টিসহ ৬০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এমন পরিস্থিতিতে গত শনিবার রাতে পুলিশ-র্যাব-বিজিবি যৌথ অভিযান চালিয়ে নাশকতার পর পালিয়ে যাওয়ার সময় কলারোয়া উপজেলা সদরের ঢাকাগামী বাস কাউন্টার থেকে জামায়াত-শিবিরের ১৬ জনকে আটক করে। গতকাল রাতেও যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।
জেলার বিভিন্ন থানা পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ২১ নভেম্বর দেবহাটা উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, ২৬ নভেম্বর কলারোয়া দিয়াড়া ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, একই দিন একই ইউপির স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ইটেগাছার যুবলীগের কর্মী গিয়াসউদ্দিন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, ৫ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলাম, ৭ ডিসেম্বর সাতক্ষীরা বলাডাঙ্গা গ্রামের আওয়ামী লীগের কর্মী ইজাহার আলী, ১২ ডিসেম্বর দিবাগত রাতে কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আজিজুর রহমান এবং একই উপজেলার একই দিন রাত তিনটায় আওয়ামী লীগের কর্মী মেহেদি হাসানকে হত্যা করা হয়।
যৌথবাহিনীর ওপর হামলার সময় তাদের পাল্টা গুলিতে ২৬ নভেম্বর সামছুর রহমান, ৩ ডিসেম্বর দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের কিশোর আরিজুল ইসলাম ও আতাপুর গ্রামের হোসেন আলী নিহত হন। তাঁরা তিনজন জামায়াত-শিবিরের কর্মী।
এসব হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩৮০ জনকে আসামি করে তিনটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।