সাতক্ষীরায় অভিযানের মধ্যেই আ.লীগ নেতাকে হত্যা
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে গতকাল মঙ্গলবার জামায়াত-শিবিরের হাতে খুন হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। দলটির একজন কর্মীকেও কুপিয়ে জখম করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাম মো. মোসলেমউদ্দিন আলী (৬৫)। তিনি কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি। আহত ব্যক্তির নাম হোসেন আলী (৩০)। তাঁর বাড়ি একই উপজেলায়।
এ নিয়ে গত ২৭ দিনে আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মী জামায়াত-শিবিরের হাতে খুন হয়েছেন।
যৌথ বাহিনীর দ্বিতীয় দিনের অভিযানে জেলার তালা, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবির ও ছাত্রদলের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হরতাল ও অবরোধের সময় নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দলের ডাকা অবরোধ ও সাতক্ষীরায় জামায়াতের হরতাল চলাকালে কালীগঞ্জ-বালিয়াডাঙ্গা সড়কের পারুলগাছা থেকে বালিয়াডাঙ্গা পর্যন্ত বিভিন্ন এলাকায় অবরোধ এবং হরতালকারীরা গাছ কেটে ও গাছের গুঁড়ি ফেলে রাখেন। যৌথ বাহিনীর একটি দল দুপুর ১২টার দিকে ওই এলাকায় অভিযানে যায়। এ সময় তাদের সঙ্গে ছয়-সাতজন লোক নিয়ে কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেমউদ্দিন আলী সড়ক থেকে ব্যারিকেড সরানোর কাজে সহযোগিতা করছিলেন।
স্থানীয় লোকজন জানান, বিষ্ণুপুর এলাকায় যৌথ বাহিনী পৌঁছালে স্থানীয় জনতা ওই এলাকায় জামায়াত-সমর্থক মোশারফ হোসেনের দোকান ভাঙচুর করেন। বেলা দুইটার দিকে যৌথ বাহিনী পার্শ্ববর্তী কৃষ্ণনগর এলাকায় চলে গেলে মোসলেমউদ্দিন আলী ও হোসেন আলী একটি মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি চাঁচাই ফেরার সময় চৌমুহনী নামক স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের গতিরোধ করেন। সেখানে ধারালো অস্ত্র দিয়ে মোসলেমউদ্দিন আলীকে কুপিয়ে হত্যা করা হয়। কুপিয়ে জখম করা হয় হোসেন আলীকেও।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ অহিদুজ্জামান যৌথ বাহিনীর অভিযান চলাকালে ওই এ ধরনের ঘটনা ঘটায় বিস্ময় প্রকাশ করে বলেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. মোসলেমউদ্দিন দাবি করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধে এ ঘটনা ঘটতে পারে। জামায়াত-শিবির নাশকতার সঙ্গে জড়িত নয়।
সদর উপজেলার আগরদাঁড়ি ইউপির বরখাস্ত চেয়ারম্যান আনারুল ইসলামের বাড়ি উত্তেজিত জনতা ভাঙচুর করে। আনারুল ইসলামের চাচাতো ভাই মাসুদ আলী ও শহীদুল ইসলাম দাবি করেন, হামলাকারীরা হেলমেট পরা ছিল।