সাতক্ষীরায় পিটুনিতে আহত আ. লীগ কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় দুর্বৃত্তদের পিটুনিতে আহত আওয়ামী লীগের এক কর্মী আজ বুধবার ভোরে মারা গেছেন। গতকাল মঙ্গলবার তুলে নিয়ে তাঁকে পিটুনি দেওয়ার পর সাতক্ষীরা সদর হাসপাতালে তিনি চিকিত্সাধীন ছিলেন।

নিহত ব্যক্তির নাম আবদুল হামিদ (৪৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের জমির আলী বিশ্বাসের ছেলে।

হামিদের স্ত্রী তাসলিমা খাতুন জানান, তাঁর স্বামী পেশায় একজন কৃষক। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গতকাল বিকেল চারটার দিকে বাড়ি থেকে বের হন হামিদ। রাত সাড়ে আটটার দিকে তিনি জানতে পারেন, পার্শ্ববর্তী মাধবকাটি বাজার থেকে সাত-আটজনের একটি দল তাঁর স্বামীকে ধরে নিয়ে গেছে। রাত নয়টার দিকে একই এলাকার পাঁচরকি বিল থেকে তাঁর স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গ্রামবাসী। পরে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিত্সক পরিমল কুমার বিশ্বাস জানান, চিকিত্সাধীন অবস্থায় আজ ভোর চারটার দিকে মারা যান হামিদ। তাঁর বাম হাত ও  দুই পায়ের একাধিক স্থান ভাঙা ছিল। শরীরে একাধিক স্থানে মারাত্মক জখম ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তদন্ত না করে তা বলা যাচ্ছে না। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।