নোয়াখালীতে যুবলীগ নেতার বাবাকে চুবিয়ে হত্যা
সাতক্ষীরায় আ.লীগ নেতা ও ঈশ্বরদীতে যুবদল কর্মী খুন
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাবনার ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জের ধরে খুন হয়েছেন যুবদল কর্মী আবদুল বারী (৩৫)। আর বখাটেদের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে নিহত হয়েছেন মোশারফ হোসেন (৬৫)। তাঁকে মারধরের পর পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনটি ঘটনাই ঘটেছে গত সোমবার রাতে। এসব ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:সাতক্ষীরা: নিহত রবিউল ইসলামের ভাই ওবায়দুল ইসলামের বর্ণনা অনুযায়ী, রবিউল ইসলাম সোমবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার পরানদাহ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বরপোতা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামনে তাঁর গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর ভাইকে হত্যা করে লাশ পাশের পুকুরে ফেলে রেখে যায়। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা এ হত্যাকাণ্ডের খবর পান।ওবায়দুল ইসলাম দাবি করেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর থেকে জামায়াত-শিবিরের পক্ষ থেকে তাঁর ভাইকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল।সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিউল ইসলামকে রাজনৈতিক প্রতিপক্ষরা হত্যা করেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার দুপুরে রবিউল ইসলামের লাশ নিয়ে মিছিল এবং সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করে। তারা ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়। আজ বুধবার সকাল ১০টায় তারা ফের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শিবপুর ও আগ্ররদাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি, র্যাব ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যৌথ অভিযানে ৩৮ জনকে আটক করা হয়। এর আগে ঘটনার পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এক নারীসহ চারজনকে আটক করা হয়। আটকের পর তাঁদের সাতক্ষীরা পুলিশ লাইনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঈশ্বরদী (পাবনা): প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত নয়টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া এলাকার হামজা মণ্ডল মার্কেটে বসে আড্ডা দিচ্ছিলেন যুবদল কর্মী আবদুল বারী। হঠাৎ সেখানে পিস্তল হাতে কনক (২৮), মাসুদ মণ্ডল (২৫), তারেকসহ (২৬) নয়-দশজনের একটি দল এসে হাজির হয়। তারা এলোপাতাড়িভাবে ১৭-১৮টি গুলি করে। এর একটি গুলি আবদুল বারীর মাথায় লাগে। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা চায়নিজ কুড়াল দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।প্রত্যক্ষদর্শী টেংরা সরদার জানান, তিনি গুলিবিদ্ধ আবদুল বারীর দিকে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁকেও লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি সরে গেলে গুলিটি পথচারী ফজলু প্রামাণিকের (৭০) গায়ে লাগে। আশঙ্কাজনক অবস্থায় ফজলুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সহসভাপতি হাক্কে মণ্ডল ও যুবদল কর্মী আবদুল বারীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আবদুল বারী খুন হতে পারেন। তিনি উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ওমর আলীর ছেলে। এ ঘটনায় আবদুল বারীর স্ত্রী আরজিনা বেগম বাদী হয়ে হাক্কে মণ্ডলের ছেলে কনককে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। নাজিম ও ইকবাল নামে দুজন গ্রেপ্তার হয়েছেন।নোয়াখালী: ঘটনার প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেনের ছেলে ফরহাদ হোসেনের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে তাঁদের বাড়ির নারকেলগাছ থেকে ডাব চুরি করছিল কয়েকজন বখাটে যুবক। এতে ফরহাদ বাধা দিলে বখাটেরা তাঁকে মারধর শুরু করে। এ সময় ছেলেকে বাঁচাতে ফরহাদের বাবা মোশারফ হোসেন এগিয়ে এলে বখাটেরা তাঁকেও কিল-ঘুষি মারে। পরে তাঁকে পাশের একটি পুকুরে ফেলে চুবিয়ে হত্যা করে বখাটের দল। রাজগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর বাবাকে কিল-ঘুষি মেরে পুকুরে ফেলে দেয়। পরে তাঁকে পানিতে চুবিয়ে হত্যা করে।