সাতক্ষীরায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার দেব-হাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে দেবহাটার পারুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে আবু রায়হান কয়েকজনকে নিয়ে পারুলিয়া বাজারের মোমেনা বস্ত্রালয়ের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ১০-১২ জন মুখোশধারী রামদা নিয়ে স্লোগান দিতে দিতে তাঁকে এলাপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। ভয়ে লোকজন দোকানপাট বন্ধ করে চলে যান। আবু রায়হানের মরদেহ ঘটনাস্থলে পড়ে থাকে।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান জানান, জামায়াত-শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে আবু রায়হানকে হত্যা করেছেন। কয়েক দিন আগেও তাঁরা পারুলিয়া বাজারে রায়হানের ব্যক্তিগত অফিস ভাঙচুর করেন এবং আসবাব পুড়িয়ে দেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর মোহাম্মদ দাবি করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও তাঁর ব্যবসায়িক দ্বন্দ্বে আবু রায়হান খুন হয়ে থাকতে পারেন। এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোরবান আলী বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা আবু রায়হানকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।