সাতক্ষীরায় আ.লীগ নেতাকে মারধর মামলা, গ্রেপ্তার ১
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় আওয়ামী লীগের এক নেতা গুরুতর আহত হওয়ার ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইসরাফিল তরাফদার (৪৭) জানান, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনের আগে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী আনছার আলীর পক্ষে প্রচারণা চালান। আনছার আলী নির্বাচিত হয়েছেন। এই নিয়ে পরাজিত প্রার্থী সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের সঙ্গে তাঁর বিরোধ চলছে।ইসরাফিল অভিযোগ করেন, গত সোমবার রাতে উপজেলার কৃষ্ণনগর বাজার থেকে মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে সাবেক চেয়ারম্যান মোশারফ ও নবনির্বাচিত ইউপি সদস্য আবদুল জলিলের নেতৃত্বে ১৫-২০ জন তাঁর ওপর হামলা চালায়। তাঁকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, আহত ইসরাফিলের হাত-পায়ের কয়েক জায়গার হাড় ভেঙে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দোকান নিয়ে ইসরাফিলের সঙ্গে লোকজনের বিরোধ রয়েছে। তারাই তাঁকে মারধর করেছে বলে শুনেছি।’ইউপি সদস্য আবদুল জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফরিদউদ্দিন জানান, এ ঘটনায় ইসরাফিল হোসেন গত মঙ্গলবার রাতে মোশারফ হোসেন ও আবদুল জলিলসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের সিবিএর নেতা শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।