সাতক্ষীরায় আ.লীগ নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরার আগড়দাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত নয়টার দিকে সাতক্ষীরা শহরতলির তাঁর কুচপুকুর গ্রামের বাড়িতে এ হামলা চালানো হয়।ককটেল বিস্ফোরণে নজরুলের ভাগনে হূদয় সরদার (১০) আহত হয়। হূদয় শাহাজাহান সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গত ২৮ ফেব্রুয়ারি ভোরে নজরুল ইসলামের ধানের গুদাম ও বাড়িতে জামায়াত-শিবিরের কর্মীরা লুটপাট করেন। এ সময় তাঁরা বাড়িতে আগুন ধরিয়ে দেন। ওই ঘটনার তিন সপ্তাহ পর তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এর দুই সপ্তাহ পর ভগ্নিপতি শাহাজাহান সরদার ও তাঁর স্ত্রীর ওপর বোমা হামলা করে তাঁদের ঝলসে দেওয়া হয়।সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ককটেল ছোড়া হয়েছে নজরুলের বাড়ির সামনে। এতে তার ভাগনে আহত হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।