সাতক্ষীরায় আ.লীগের নামে ডাকঘর দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে ডাকঘরের জায়গা দখল করে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে ভেটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলেছেন, আওয়ামী লীগের নাম ব্যবহার করে জায়গাটি দখল করা হলেও এ ঘটনায় আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই।ভেটখালী বাজারের ব্যবসায়ী ফারুক হোসেন, সামছুর রহমান, কৈখালী ও আশপাশের কয়েকটি গ্রামের লোকজন জানান, ভেটখালী বাজারের একটি ঘরে ১৯৭২ সালে ডাকঘরটি চালু হয়। ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় কিছুদিন ধরে বারান্দায় ডাকঘরের কাজ চলত। গত বৃহস্পতিবার উপজেলার তারানীপুর গ্রামের আবদুল আলিম শতাধিক লোক নিয়ে জরাজীর্ণ ঘরটি গুঁড়িয়ে দেন। পরে বাঁশ ও টিন দিয়ে সেখানে নতুন ঘর করে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।এলাকাবাসী বলেন, আবদুল আলিমের নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী মহল কিছুদিন আগে থেকে ডাকঘরটি দখলের পাঁয়তারা করছিল। এর প্রতিবাদে এলাকার কয়েক হাজার মানুষ গত ১১ জুলাই ভেটখালী বাজারে মানববন্ধন এবং ১২ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।ভেটখালী বাজার ডাকঘরের পোস্টমাস্টার মণীন্দ্রনাথ জোয়ার্দার জানান, প্রতিষ্ঠার পর থেকে সেখানে ডাক বিভাগের যাবতীয় কার্যক্রম চালু থাকলেও সম্প্রতি একটি মহল জায়গাটি তাদের ইজারা নেওয়া সম্পত্তি বলে দাবি করে। গত বৃহস্পতিবার ভোরে এসে ডাকঘরটি ভেঙে সেখানে নতুন ঘর তৈরি করে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।তিনি অভিযোগ করেন, এ ঘটনায় আবদুল আলিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ফল হয়নি।আবদুল আলিম বলেন, তিনি ২০০৮ সালে পতিত থাকা ওই জায়গা বন্দোবস্ত নেন। গত শুক্রবার ভাঙাচোরা ঘরটি ভেঙে নতুন ঘর করেছেন। তিনি নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের জন্য ওই জায়গা দান করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, আবদুল আলিম জামায়াতের সমর্থক। তিনি জায়গাটি দখলে নিতে আওয়ামী লীগের নাম ব্যবহার করেছেন। এই দখলের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দীন বলেন, পোস্টমাস্টার মণীন্দ্রনাথ জোয়ার্দারের অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কিন্তু আবদুল আলিম ওই জমি ইজারার কাগজ দেখান। তাই তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি।ইউএনও শাব্বীর আহমদ বলেন, ২০০৮ সালে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কর্মকর্তা ভুল করে ওই জায়গা ইজারা দিয়ে ফেলেন। ইতিমধ্যে ওই ইজারা বাতিল করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।