সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বাহিনী-জামায়াত সংঘর্ষ, নিহত ১
সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাটখোলা এলাকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।
ঘটনার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ও আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামছুর রহমান (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের আবদুল মাজেদের ছেলে। শামছুর জামায়াতের কর্মী বলে পুলিশ ও দলীয় সূত্র নিশ্চিত করেছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসিরউদ্দীনের ভাষ্য, পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ একটি দলের সদস্যরা গভীর রাতে অভিযান চালাতে জামায়াতের নেতা-কর্মীদের এলাকা বলে পরিচিত আগরদাড়ি গ্রামের উদ্দেশে রওনা দেন। তাঁরা ওই গ্রামে পৌঁছার আগেই জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন মসজিদের মাইকে এলাকায় পুলিশ আসার কথা ঘোষণা করেন। এতে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক আবাদেরহাটখোলা এলাকায় জড়ো হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে তাঁরা ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে গাছ ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে আবারও ইটপাটকেল ও ককটেল ছোড়েন। আত্মরক্ষার্থে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে যৌথ বাহিনী। এ সময় শামছুর রহমান নিহত হন। ভোর চারটার দিকে ঘটনাস্থল থেকে যৌথবাহিনী ফিরে আসে।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আবদুল খালেক মণ্ডল দাবি করেন, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা শিয়ালডাঙ্গা ও আগরদাড়ি এলাকায় গিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের চেষ্টা করেন। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। পুলিশের গুলিতে শামছুর রহমান নামের জামায়াতের একজন কর্মী নিহত হন।
ঘটনাস্থল থেকে যৌথবাহিনী চলে যাওয়ার পর জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘুদের ঘরবাড়ি-দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী কয়েকজন জানান, যৌথবাহিনী চলে যাওয়ার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে প্রথমে আগরদাড়ি বাজারে আওয়ামী লীগের সমর্থক কার্তিক সাধু, অমিত ঘোষাল, নুর ইসলাম ও শাহ আলমের মালিকানাধীন দোকানপাট ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করেন। পরে তাঁরা আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস আচার্য ও সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোপাল ঘোষালের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আবদুল খালেক মণ্ডল দাবি করেন, গুলিতে শামছুর রহমান নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী কয়েকটি দোকানপাট ভাঙচুর করেছে।
১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে এখন পর্যন্ত সারা দেশে সহিংসতায় ১০ জন মারা গেছেন। তাঁদের মধ্যে কুমিল্লায় অবরোধকারীদের পৃথক হামলায় বিজিবির এক সদস্যসহ দুজন মারা গেছেন। সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেখানে গভীর রাতে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বগুড়ায় সংঘর্ষে বিএনপির এক নেতা এবং সিরাজগঞ্জ ও বরিশালের গৌরনদীতে দুজন পথচারী মারা গেছেন। ফেনীতে গত সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে আহত সিএনজিচালিত অটোরিকশার এক চালক রাতে হাসপাতালে মারা গেছেন। রাজধানীতে গতকাল ককটেল হামলায় আহত বেসরকারি ব্যাংকে কর্মরত এক নারী কর্মচারী আজ বুধবার ভোরে মারা গেছেন।
নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন ধার্য করে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।