সাতক্ষীরায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরা সদর উপজেলার আমতলা গ্রামে গতকাল শনিবার দিবাগত রাতে এজাহার আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত এজাহার আলীর ছোট ভাই বাবর আলী মোড়ল জানান, এজাহার আলী আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁর সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ ছিল।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১৫ জনের একটি দল এজাহারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পেট্রল দিয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ অবস্থায় ঘর থেকে বেরিয়ে এলে এজাহারের দুই পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। তাঁর ডান হাত, ডান পা, মাথা ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। রাত তিনটার দিকে এজাহারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে মারা যান তিনি।