সাতক্ষীরায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের এক কর্মীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। গতকাল রোববার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিবার অভিযোগ করেছে, এই ঘটনার সঙ্গে জামায়াত-শিবির জড়িত।
আওয়ামী লীগের ওই কর্মীর নাম এজাহার আলী মোড়ল (৫৫)। তিনি সদর উপজেলার আমতলা গ্রামের আজিজার রহমানের ছেলে। এজাহার আলীর স্ত্রী জানান, বেতনা নদীর চরের ৪ শতাংশ খাসজমি নিয়ে একই এলাকার আবুল খায়ের, মিজানুর রহমান, আবুল কাসেমসহ কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। এর জের ধরে গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ১২ থেকে ১৪ জন দুর্বৃত্ত তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা এজাহারের দুই পায়ের রগ কেটে দেয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন রাত সাড়ে তিনটার দিকে এজাহার আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল পৌনে আটটার দিকে তিনি মারা যান।
সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে চিকিৎসা কর্মকর্তা মারুফ হাসান বলেন, এজাহার আলীর হাত, পা, মাথাসহ একাধিক স্থানে মারাত্মক ক্ষত ছিল।
এজাহার আলীর ছোট ভাই বাবুর আলী মোড়ল অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধ থাকলেও তাঁদের প্রতিপক্ষ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আবুল খায়ের ও মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, এ ঘটনায় গতকাল নিহত ব্যক্তির ছেলে ইসরাইল হোসেন বাদী হয়ে আবুল খায়ের, মিজানুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।