সাতক্ষীরায় আটক ৬, আঘাত লেগেছে এএসপি ও ওসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরতলির রইচপুর এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওই ব্যক্তিসহ জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী। আর জামায়াত-শিবিরের কর্মীদের ছোড়া ইটে সাতক্ষীরার (সদর) সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মনিরুজ্জামান ও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইনামুল হক আঘাত পান।

ঘটনা সম্পর্কে সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, জেলার আলীপুর-রইচপুর সড়কে অবরোধকারীরা সড়ক কেটে ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। যৌথ বাহিনী আজ সকাল সাড়ে নয়টার দিকে সড়কটি যাতায়াতের উপযোগী করার পাশাপাশি সড়কের ওপর থেকে গাছ সরাচ্ছিল। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যৌথ বাহিনীর ওপর হামলা চালান। তাঁরা কাচের বোতল, ককটেল, পেট্রলবোমা নিক্ষেপ করতে থাকেন। আত্মরক্ষার্থে একপর্যায়ে যৌথ বাহিনী গুলি চালায়। এতে রইচপুর গ্রামের জামায়াতের কর্মী আমিনুর রহমান গুলিবিদ্ধ হন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় যৌথ বাহিনী একই গ্রামের জামায়াতের কর্মী আলমগীর হোসেন, আবুল হোসেন, শওকত আলী সরদার ও শিবিরের কর্মী শাহীন সরদার ও আশরাফুল ইসলামকে আটক করে।

ওসি আরও জানান, জামায়াত-শিবিরের কর্মীদের ছোড়া ইটের আঘাতে সাতক্ষীরার (সদর) এএসপি কাজী মনিরুজ্জামান ও তিনি আহত হয়েছেন। এএসপিকে সাতক্ষীরা পুলিশ লাইন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। ওসি নিজে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।