সাতক্ষীরায় আটটি তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরতলির শাল্ল্যে গ্রামের এক ব্যক্তির বাড়িতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে আটটি তক্ষক উদ্ধার করা হয়েছে। তক্ষক ধরার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মুন্সিগঞ্জ জেলা সদরের নূরপুর গ্রামের রহমতুল্লাহ খান (৪৬), কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাকিয়াপাড়া গ্রামের আপতু মোল্যা (৩০) ও সাতক্ষীরা সদরের ধুলিহর গ্রামের দুলাল সাহা (৪৭)।ডিবি সূত্র জানায়, ভারতে পাচারের উদ্দেশে একটি চক্র বেশ কিছুদিন ধরে তক্ষক সংগ্রহ করছিল। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত আটটার দিকে শহরতলির ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই আটটি তক্ষক উদ্ধার করা হয়। এ ছাড়া তিনজন পাচারকারীকেও আটক করা হয়। পরে তাঁদের সদর থানায় সোপর্দ করা হয়। তক্ষকগুলো আজ বুধবার বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় ছেড়ে দেওয়া হবে।