সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফকরউদ্দিনের আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। বিচারপ্রার্থী এক নারী ও এক আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি গত মঙ্গলবার জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল গনি বলেন, গত ফেব্রুয়ারিতে জেলার কালীগঞ্জ থানায় নারী নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। মামলার বাদী কালীগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামের রেহেনা খাতুন। মামলায় রেহেনার স্বামী রফিকুল ইসলামসহ ছয়জনকে আসামি করা হয়। আসামি রফিকুল এ মামলায় এরই মধ্যে জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নেন। সপ্তাহ খানেক আগে মামলার বাদী রেহানা ও তাঁর স্বামীর মধ্যে বিষয়টি মীমাংসা হয়। গত মঙ্গলবার আপসনামার অ্যাফিডেভিট বাদীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার আদালতে উত্থাপন করেন। বিচারক তাতে কর্ণপাত না করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। এ সময় মামলার বাদী রেহানা খাতুন তাঁর স্বামীর সঙ্গে মীমাংসার বিষয়টি বিচারককে জানান। এ সময় বিচারক তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে বাদীপক্ষের আইনজীবী আবদুস ছাত্তারের সঙ্গে বিচারক অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় অন্য আইনজীবীরা প্রতিবাদ করলে বিচারক এজলাস ত্যাগ করেন।পরে আবদুস সাত্তার বিষয়টি আইনজীবী সমিতির নেতাদের জানালে তাৎক্ষণিকভাবে সমিতির জরুরি সাধারণ সভা ডাকা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, এটিই প্রথম ঘটনা নয়। ওই বিচারক দীর্ঘদিন আদালত চলাকালে নারীদের প্রতি অবজ্ঞা করে অশালীন কথা বলেন। আইনজীবীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন। পরে সভায় তাঁরা ওই আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন।