সাতক্ষীরায় আদালতে হামলা, ভাঙচুর
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ আইনজীবীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ হামলা চালানো হয়। এ ঘটনায় ওই আদালতের বিচারক মো. ফকরউদ্দীন জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় মামলা করেছেন।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. ফকরউদ্দীনের বিরুদ্ধে বিচারপ্রার্থীদের হয়রানি, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, ঘুষ, দুর্নীতি, কয়েকজন নারী বিচারপ্রার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগে জেলা আইনজীবী সমিতি গত রোববার সমিতির মিলনায়তনে সাধারণ সভা করে।
সমিতির সাধারণ সম্পাদক আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় ওই বিচারককে সাতক্ষীরা থেকে প্রত্যাহার না করা পর্যন্ত আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েকজন আইনজীবী জানান, জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সোমবার থেকে ওই বিচারকের আদালত বর্জন কর্মসূচি শুরু হয়। বেলা ১১টার দিকে বিচারক মো. ফকরউদ্দীন পুলিশি পাহারায় আদালতে আসেন এবং এজলাসে বসেন। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ আইনজীবীরা আদালতে হামলা চালান। তাঁরা আদালতকক্ষের একটি জানালার কাচ ভাঙচুর করেন। এই অবস্থায় বিচারক তাঁর খাসকামরায় চলে যান। এরপর আইনজীবীরা আদালত চত্বরে মিছিল করে বিচারক ফকরউদ্দীনকে প্রত্যাহারের দাবি জানান। পরে তাঁরা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন। ওই বিচারককে প্রত্যাহার না করা পর্যন্ত তাঁর আদালত বর্জন অব্যাহত থাকবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম। বক্তব্য দেন আবদুস সাত্তার, তোজামেঞ্চল হোসেন প্রমুখ। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বিচারক মো. ফকরউদ্দীন এজলাসে বসার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক রতন শেখ বলেন, বিচারক এজলাসে বসলে ক্ষুব্ধ আইনজীবীরা নানা স্লোগান দিয়ে আদালতকক্ষে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে একটি জানালার কাচ ভাঙচুর করা হয়।