সাতক্ষীরায় আপত্তিকর লিফলেট চিঠি উদ্ধার, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপত্তিকর লিফলেট বিলি করার সময় সাতক্ষীরা ল কলেজের শিক্ষক আলমগীর আশরাফকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের খান মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০০ লিফলেট এবং সাতটি জঙ্গি সংগঠনকে এক হয়ে কাজ করার আহ্বানসংবলিত তিনটি চিঠি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহরের চিত্র ছাপাখানার মালিক ইউনুস আলীকেও রোববার বেলা সাড়ে ১১টায় গ্রেপ্তার করা হয়। আলমগীর আশরাফ ও ইউনুস আলীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে গতকাল সোমবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে রিমান্ডের শুনানি হয়নি।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান আলী খান জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি’ শীর্ষক একটি লিফলেট কয়েক দিন ধরে সাতক্ষীরা শহরে একটি চক্র গোপনে বিলি করে আসছিল। আলমগীরের কাছ থেকে উদ্ধারকৃত লিফলেটে জেলা আওয়ামী লীগের সভাপতি ও যোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ শেখ মুজিবুর রহমান এবং জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মুস্তফা লুৎফুল্লাহ সম্পর্কে কুরুচিপূর্ণ, মিথ্যা তথ্য লেখা হয়েছে। এ ছাড়া তাঁর কাছ থেকে জঙ্গি সংগঠনগুলোকে এক হওয়ার আহ্বানসংবলিত চিঠি উদ্ধার করা হয়েছে। আলমগীর আশরাফ জানান, একটি ব্যাগভর্তি কাগজ সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিউল ইলসাম তাঁর কাছে দিয়েছিলেন। ওই ব্যাগে যে এসব লিফলেট ও জঙ্গি সংগঠনগুলোর চিঠি ছিল, তা তাঁর জানা ছিল না। এ ব্যাপারে রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান আলী খান জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহম্মেদ বাদী হয়ে আলমগীর আশরাফ, রবিউল ইসলাম ও ইউনুস আলীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কৌঁসুলির বিরুদ্ধে কুৎসা রটনা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।