সাতক্ষীরায় আরও পাঁচজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ৭ নীলডুমুর ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল বৃহস্পতিবার আরও পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১-এ গত চার দিনে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হলো। টানা চার দিন চলার পর গতকাল দুপুরে আদালত মুলতবি করে ২১ মার্চ পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে। গতকাল যে পাঁচজন সাক্ষ্য দিয়েছেন তাঁদের মধ্যে দুজন গ্রামবাসী বাকি তিনজন বিডিআর সদস্য। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের সাইনবোর্ড লেখক অজিয়ার রহমান সাক্ষ্য দিতে গিয়ে বলেন, ‘বিডিআর বিদ্রোহের সময়কার বর্বরতা একাত্তরের পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। সেদিন বিডিআর সদস্যদের হিংস্রতা না দেখলে বিশ্বাস করা কঠিন। ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ও উপ-অধিনায়ককে বাড়িতে আশ্রয় দেওয়ার অপরাধের কথা বলে বিদ্রোহী সদস্যরা আমার বাড়িতে ঢুকে আমাকে বেধড়ক মারধর করে। এমনকি আমার বুকের ওপর পা দিয়ে চেপে ধরে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। শুধু তাই নয়, ঘর থেকে ১৪ হাজার ৪০০ টাকা ও একটি মোবাইল ফোনসেট তারা লুট করে নিয়ে যায়। সেদিনের কথা মনে হলে এখনো ভয়ে আঁতকে উঠি।’ একই ধরনের সাক্ষ্য দেন ওই গ্রামের লিয়াকত হোসেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই দুজনের নিরাপত্তা বিধানের জন্য মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক বদরুল আলমকে নির্দেশ দেন। এরপর ওই রাইফেল ব্যাটালিয়নের পাঁচক (রাঁধুনি) পিন্টু মিয়া, নায়েক আনিসুর রহমান ও নায়েক সুবেদার আবুল হোসেন সাক্ষ্য দেন।