সাতক্ষীরায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরায় শহীদুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকালে তালা উপজেলার ডাঙ্গা নলতা গ্রামের এক রাস্তা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। শহীদুল দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মনসুর গাজীর ছেলে।শহীদুলের স্ত্রী তানিয়া বেগম জানান, গত বছরের ১৭ অক্টোবর খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাঁর স্বামীর কাছে থাকা ৯০০ টাকা ও একটি মুঠোফোন কেড়ে নিয়ে ৩০ বোতল ফেনসিডিল ধরিয়ে দিয়ে ডুমুরিয়া থানায় সোপর্দ করে। ওই দিনই ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হোসেন বাদী হয়ে শহীদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই ঘটনায় শহীদুল দুই মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান। পরবর্তী সময় যারা তাঁকে পুলিশের কাছে ধরিয়ে দেয়, তাদের সঙ্গে শহীদুলের বিরোধ বাঁধে। গত মঙ্গলবার ওই মামলায় হাজিরা দেওয়ার জন্য খুলনায় যান শহীদুল। তিনি আদালতে হাজিরাও দেন, কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গতকাল সকালে ডাঙ্গা নলতা গ্রামের আঙলঝাড়া-জাতপুর সড়কে শহীদুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। মঙ্গলবার রাতের কোনো একসময় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশের পাশ থেকে রক্তমাখা একটি ধারালো দা, ৭০ টাকা, একটি বাজারের ব্যাগ, একটি কলম ও একটি টুপি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।