সাতক্ষীরায় এক ব্যক্তির লাশ উদ্ধার, চাচার বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রাম থেকে ইসরাফিল হোসেন (২৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল নয়টার দিকে নিজ বাড়ির পাশের একটি মাঠ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ইসরাফিলের চাচাসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।ইসরাফিলের স্ত্রী মোসলেমা জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে কয়েকজন লোক ইসরাফিলকে ডাকলে তিনি ঘর থেকে বাইরে যান। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। গতকাল বাড়ি থেকে ২০০ গজ দূরে কুশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। মোসলেমা অভিযোগ করেন, জমি নিয়ে ইসরাফিলের সঙ্গে তাঁর চাচা আল মোড়লের বিরোধ ছিল। এর জের ধরে তাঁরা তাঁকে হত্যা করেছেন।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ইসরাফিলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। আল মোড়লসহ চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন তাঁর স্ত্রী মোসলেমা। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ইসরাফিলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।