নির্মাণসামগ্রীর দাম বাড়ায় সাতক্ষীরায় প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ কারণে সম্প্রতি আহ্বান করা কয়েকটি নতুন কাজের দরপত্রে ঠিকাদারেরা অংশ নেননি। কাজ পাওয়ার পরও অনেক ঠিকাদার তা শুরু করেননি। জুনের মধ্যে শেষ না করতে পারলে অনেক কাজ বাতিল হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।কয়েকজন ঠিকাদার জানান, জানুয়ারি মাসে প্রতি হাজার ১নং ইটের বাজারমূল্য ছিল চার হাজার টাকা, ছোট পাথর প্রতি সিএফটি ৮৫ টাকা, স্থানীয় বালু প্রতি সিএফটি সাড়ে ছয় টাকা, পিচ (বিটুমিন) প্রতি কেজি ৪৩ টাকা ও রড প্রতি কেজি ৪৪ টাকা। দুই মাসের ব্যবধানে প্রতি হাজার ইটের দাম ছয় হাজার, ছোট পাথর প্রতি সিএফটি ১১০ টাকা, স্থানীয় বালু প্রতি সিএফটি ১০ টাকা, পিচ (বিটুমিন) প্রতি কেজি ৪৭ টাকা ও রড প্রতি কেজি ৬৬ টাকা হয়েছে। এর সঙ্গে রয়েছে পরিবহন খরচ।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা গেছে, উন্নয়নমূলক কাজের জন্য পরিবহনসহ প্রতি হাজার ইটের দপ্তর নির্ধারিত মূল্য চার হাজার ৬০০, প্রতি সিএফটি চিপ (ছোট) পাথর ৮৭ দশমিক ৭৯, প্রতি সিএফটি স্থানীয় বালু সাত দশমিক আট টাকা, পিচ (বিটুমিন) প্রতি কেজি ৪৫ ও রড ৪৬ টাকা। প্রায় একই ধরনের মূল্য নির্ধারণ রয়েছে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও।এলজিইডি সাতক্ষীরা কার্যালয়ের সহকারী প্রকৌশলী জি এম মুজিবর রহমান জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তালা, আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৩৪ দশমিক ৭০ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কাজের জন্য ২৪ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ করা হয়। কয়েক দফা দরপত্র আহ্বান করার পরও কোনো ঠিকাদার এতে অংশ নেননি। সর্বশেষ ২৩ মার্চ আহ্বান করা দরপত্রে নির্ধারিত মূল্যের চেয়ে ২০ শতাংশ উচ্চ দরে একজন শিডিউল ফেলেছেন।একইভাবে এ বিভাগে জরুরি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য গত বছর শেষের দিকে ও চলতি বছরের প্রথম দিকে বিভিন্ন সময় ৫৮ দশমিক ১৫ কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য ১৯ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ৫০টি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে তিন গ্রুপে কেউ অংশ নেয়নি। অপর তিন গ্রুপ কাজ পাওয়ার পর ঠিকাদার শুরু করেননি। চার গ্রুপের কাজ শেষ হয়ে গেছে। বাকি ৪০ গ্রুপের কাজ পাঁচ ভাগ থেকে ৬৫ ভাগ হওয়ার পর এক প্রকার বন্ধ হয়ে রয়েছে।এলজিইডির কলারোয়া কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৪টি গুচ্ছ প্রকল্পে গত ৩০ এপ্রিল ২৮ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো ঠিকাদার শিডিউলই ক্রয় করেননি। একই অবস্থা আশাশুনি উপজেলায়। এখানে পাঁচটি গুচ্ছ প্রকল্পে ১৪ লাখ টাকার দরপত্র আহ্বান করলেও কেউ অংশ নেয়নি। জেলার অন্যান্য উপজেলায়ও প্রায় একই অবস্থা।সাতক্ষীরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সামছুল আলম জানান, তাঁর বিভাগে সাতক্ষীরা জেলায় ৩৩টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজ চলছে। প্রায় ১০ লাখ টাকা মূল্যের এসব ভবনের নির্মাণকাজ চলছে ধীরগতিতে। নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারেরা কাজ করতে যাচ্ছেন না।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাতক্ষীরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল রহিম জানান, যশোর ও খুলনা সড়ক বড় করার জন্য দুটি কাজ রয়েছে। প্রতিটি কাজ ৩০ লাখ টাকা করে। কাজ চলছে ধীরগতিতে। তিন কোটি টাকা ব্যয়ে কয়রা-নওয়াবেকি সড়কের কাজের ৪৫ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে কাজ এক প্রকার বন্ধ। জানা গেছে, অন্যান্য বিভাগেরও কাজের একই অবস্থা।স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণসামগ্রীর দাম বাড়ায় সাতক্ষীরা পৌরসভা ও গণপূর্ত বিভাগের বেশ কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।সওজের সাতক্ষীরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল রহিম ও এলজিইডির সহকারী প্রকৌশলী জি এম মুজিবর রহমান জানান, বর্তমান বাজারদর অনুযায়ী নির্মাণসামগ্রীর মূল্য নির্ধারণ করার বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে অনেক প্রকল্প জুন মাসে শেষ হয়ে যাবে বলে সমস্যা হচ্ছে।