সাতক্ষীরায় এক সপ্তাহে ১০ বাড়িতে চুরি
সাতক্ষীরা শহরে চোরের উপদ্রব বেড়েছে। গত এক সপ্তাহে শহরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর বাড়ির ভাড়াটেসহ ১০টি বাড়িতে চুরি হয়েছে।জানা গেছে, সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল এলাকার স্কুলশিক্ষিকা শাহানা আক্তারের বাড়িতে শুক্রবার চুরি হয়। চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে সাত ভরি সোনার গয়না, পাঁচ হাজার টাকা ও চারটি মোবাইল ফোনের সেট নিয়ে যায়। একইভাবে এর তিন দিন আগে শহরের রথখোলা এলাকায় কামাল হোসেনের বাড়িতে ঢুকে চোরেরা ১৫ ভরি সোনার গয়না, ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনের সেট নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে এস এ পরিবহনের সাতক্ষীরা কার্যালয়ের গ্রিল কেটে এক লাখ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ সময় দুজন পাহারাদারকে অচেতন করে বেঁধে রাখে। একই রাতে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের বাড়ির ভাড়াটে ব্যাংক কর্মকর্তা ইলিয়াস ইকবালের বাসার তালা ভেঙে চোরেরা ১০ ভরি সোনার গয়না, ২০ হাজার টাকার প্রাইজবন্ডসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এর চার দিন আগে আরেক ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান গোলদারের সরকারপাড়ার বাড়ি থেকে তিন ভরি সোনার গয়না, একটি প্রেশারকুকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ওই রাতে ওই চক্রটি প্রতিবেশী ব্যবসায়ী ফিরোজের বাড়ি থেকে চুরি করে লক্ষাধিক টাকার মামলা নিয়ে গেছে।