সাতক্ষীরায় কনস্টেবল পদে নিয়োগ বাতিলের দাবি যুবলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় পুলিশের কনস্টেবলের ৫০টি পদে নিয়োগে ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ওই নিয়োগ বাতিলের দাবিতে জেলা যুবলীগ গত সোমবার শহরে মিছিল-সমাবেশ করেছে।বেলা ১১টায় জেলা যুবলীগের উদ্যোগে শহরে মিছিল বের করা হয়। মিছিল শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্কে জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা শ্রমিক লীগের সহসভাপতি হারুন-উর-রশিদ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, নিয়োগ পাওয়া ব্যক্তিদের কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার জন্য ৩ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫২১ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। ৬ জানুয়ারি ৬৫ জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে ফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। ওই দিন সন্ধ্যায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে যুবলীগের নেতা আবদুল মান্নান ও আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ লাইনের সামনে নিয়োগ-প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। এর পরও সোমবার দুপুরে ৫০ জনের নিয়োগ চূড়ান্ত করে ফল ঘোষণা করে কর্তৃপক্ষ।সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ-প্রক্রিয়া সুষুম ও স্বচ্ছ হয়েছে। অনেক রাজনীতিবিদ তদবির করে লোক ঢুকাতে না পেরে ক্ষুব্ধ হয়ে মিছিল-সমাবেশ করতে পারেন। নিয়োগ বোর্ডের প্রধান খুলনা জেলা পুলিশ সুপার তানভির হায়দার চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।