সাতক্ষীরায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৭০ জনের মৃত্যু হলো। জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৩৭। চলতি মাসে এটিই সব৴নিম্ন শনাক্তের হার। আগের দিনের তুলনায় আজ সংক্রমণের হার কমেছে ৬ দশমিক ৮৫। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ২২। এ পর্যন্ত জেলায় ১২ হাজার ২২২ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সাতক্ষীরায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৮৭০। হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, বত৴মানে ২৫০ শয্যার হাসপাতালে ২৭০ জন রোগী ভর্তি আছেন। বাড়তি রোগীর চাপ সামাল দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। শয্যাসংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে। হাসপাতালে চিকিৎসকের পাশাপাশি চতুর্থ শ্রেণির লোকবলসংকট রয়েছে বলেও জানান তিনি।

সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, জেলায় শনাক্তের হার ওঠানামা করছে। গত তিন দিনে ২৪ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে চতুর্থ দফায় লকডাউন বাড়ানো হলেও মানুষের মধ্যে সচেতনতা লক্ষ করা যাচ্ছে না। অকারণে মানুষকে বাড়ির বাইরে চলাফেরা করতে দেখা যাচ্ছে। লকডাউন মেনে না চললে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন।

সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, লকডাউন পুরোপুরি নিশ্চিতের জন্য ইতিমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত চালু রয়েছে। মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব না মানা ও বিনা কারণে ঘোরাঘুরি করার কারণে শহরের বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার ৪৮টি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।