সাতক্ষীরায় করোনায় একজনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ রোগে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
এর আগে গতকাল রোববার রাত নয়টার দিকে কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা রসুলতানপুর এলাকার এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস মণ্ডল জানান, কোভিডে আক্রান্ত যশোরের ঝিকরগাছার ৬৩ বছরের এক নারী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। স্বজনেরা ১৩ জুলাই তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় তাঁকে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য তাঁর স্বজনদের বলা হয়েছে। একই সঙ্গে তাঁদের বাড়ি লকডাউন করা হয়েছে।