সাতক্ষীরায় কর্মসৃজন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ও বল্লি ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত রোববার বল্লি ইউনিয়নের লোকজন সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। উপস্থিত ছিলেন প্রকল্পের সদস্য মিজানুর রহমান ও আবু মুছা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বল্লি ইউনিয়নে ৪০ দিনের এ প্রকল্পে ১৩৩ জন শ্রমিকের সপ্তাহে পাঁচ দিন করে কাজ করার কথা। কিন্তু ৯০ জন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান এবং ইউনিয়নের প্রকল্প-সভাপতি সদর উপজেলা সমবায় কর্মকর্তা ধীরাজ মোহন বাকি ৪৩ জন শ্রমিকের ভুয়া নাম দিয়ে টাকা তুলে আত্মসাৎ করছেন। ১৫০ টাকা করে শ্রমিকদের মুজুরি দেওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হচ্ছে ১৩০ টাকা করে। ইউপি চেয়ারম্যান আবদুর রহমান তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, অনিয়ম করে থাকলে প্রকল্পের সভাপতি করছেন। এতে তাঁর কোনো হাত নেই। বল্লি ইউনিয়নের প্রকল্প-সভাপতি ধীরাজ মোহন তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তা করে থাকতে পারেন। ধীরাজ দাবি করেন, তিনি শুধু কাজ দেখাশোনা করে থাকেন। ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রকল্পের শ্রমিক কনেক চন্দ্র, ফকির আহম্মদ, রুমজান আলী, মফিজুল ইসলাম রোববার প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁদের প্রতিদিন ১৫০ টাকা করে মুজুরি দেওয়ার কথা, কিন্তু প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আবদুর জব্বার তাঁদের ১২০ টাকা করে মুজুরি দিচ্ছেন। প্রতি ওয়ার্ডে ২০ জন শ্রমিক কাজ করার কথা। কিন্তু তাঁদের ওয়ার্ডে কাজ করছেন ১৬ জন শ্রমিক। তবে ইউপি সদস্য আবদুল জব্বার তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সামনে ইউপি নির্বাচন। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাঁর বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন। ঝাউডাঙ্গা ইউনিয়নের প্রকল্প-সভাপতি ও সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ ফারুক হোসেন প্রকল্পে কিছু অনিয়মের কথা স্বীকার করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর হবে না। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি এ ব্যাপারে খোঁজা নিয়ে ব্যবস্থা নেবেন।