সাতক্ষীরায় কলেজছাত্র নিহত, বাকেরগঞ্জে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা-যশোর সড়কের ওয়ারিয়ায় গতকাল বৃহস্পতিবার ভোরে কলেজছাত্র শেখ শাহীন আলম (১৯) নিহত হয়েছেন।শাহীন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের শেখ গোলাম মোস্তফার ছেলে এবং কালীগঞ্জের মৌতলা শিমু রেজা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।অনন্তপুর গ্রামের শেখ মামুনুর রহমান জানান, তাঁর চাচাতো ভাই শেখ শাহীন আলম আত্মীয়ের বাড়ি থেকে গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা সবজিভর্তি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ট্রাকটি ওয়ারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে শাহীন আলম ঘটনাস্থলেই মারা যান। এদিকে বরিশালের বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রের পরিদর্শক আবদুর রহিম নিহত হওয়ার ঘটনায় বাসচালককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা মানববন্ধন করেছেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপপরিচালক প্রাথমিক শিক্ষা ফরহাদ আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রের সুপার বীনা ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, ফয়সাল জামিল প্রমুখ। ২৩ অক্টোবর ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ কাঠের পুল এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রের পরিদর্শক আবদুর রহিম মারা যান।