সাতক্ষীরার আশাশুনি উপজেলার পশ্চিম বাঁকড়া গ্রামে গভীর নলকূপের পানি নিয়ে বিরোধের জেরে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম হাবিবুল্লাহ সরদার (২৪)। বাড়ি পশ্চিম বাঁকড়া গ্রামে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
হামলায় শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাজ্জাদ হোসেন (৪২), কফিলউদ্দিন সরদার (৪৫), আবদুল বারী সরদার (৩২), ইদ্রিস আলী সরদার (৪০), নিমাজউদ্দিন সরদার (৪৫), জাহাঙ্গীর সরদারসহ (৩০) ১০ জন আহত হন। তাঁদের সবার বাড়ি পশ্চিম বাঁকড়া গ্রামে।
পশ্চিম বাঁকড়া গ্রামের আবদুল্লাহ সরদার ও আবুল কাসেম সরদার প্রথম আলোকে বলেন, পশ্চিম বাঁকড়া গ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপের বিদ্যুতের বিল পরিশোধ করা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিম বাঁকড়া ও পূর্ব বাঁকড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। হাবিবুল্লাহর বাবা আলীমুদ্দিন সরদার নলকূপটির তদারকি করতেন। বিল না দেওয়ায় তিনি গত বুধবার পূর্ব বাঁকড়া গ্রামে পানি সরবরাহ বন্ধ করে দেন।
এ নিয়ে গতকাল বেলা তিনটার দিকে পশ্চিম বাঁকড়ায় সালিস বসে। সালিসে সিদ্ধান্ত হয় পূর্ব বাঁকড়া গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ বিল বাবদ আজ শনিবার তিন হাজার ৩০০ টাকা পরিশোধ করবে। গতকাল রাত থেকে পূর্ব বাঁকড়া গ্রামে পানি সরবরাহের সিদ্ধান্ত হয়। কিন্তু পূর্ব বাঁকড়া গ্রামের মানুষদের দাবি ছিল, যেন তাদের ইফতারের আগেই পানি সরবরাহ করা হয়।
সালিস শেষে উভয়পক্ষ বাড়ি ফিরছিল। তখন সালিসের সিদ্ধান্তের প্রতিবাদে শোভনালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সরদারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল অতর্কিতে দা, লাঠিসোঁটা নিয়ে পশ্চিম বাঁকড়া গ্রামবাসীর ওপর হামলা করে। এ সময় হাবিবুল্লাহকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহতদের মধ্যে তিনজনকে সদর হাসাপাতালে ও অন্যদের ক্লিনিকে ভর্তি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী জানান, আলীমুদ্দিন পূর্ব বাঁকড়া গ্রামে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। এর জেরেই তাঁর ছেলে হাবিবুল্লাহকে খুন করা হয়।
হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে সাইফুল্লাহ সরদার মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে কাউকে মারপিট করেননি।
হামলায় কলেজছাত্র নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব গতকাল সন্ধ্যা ছয়টার দিকে জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।