সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙা, মালিনী ও আলীপুর বিলের জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল সোমবার সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক ও সাতক্ষীরা-ভোমরা মহাসড়ক অবরোধ করেন কৃষকেরা। এতে ভোমরা বন্দর তিন ঘণ্টার জন্য অচল হয়ে যায়। সাতক্ষীরা পশ্চিমাঞ্চল জলাবদ্ধতা দূরীকরণ সংগ্রাম কমিটির উদ্যোগে কয়েক হাজার কৃষক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ সৃষ্টি করেন। এতে ভোমরা বন্দর, সাতক্ষীরা ও কালীগঞ্জগামী শত শত বাস, পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যান রাস্তায় আটকা পড়ে। দুর্ভোগে পড়ে যাত্রীরা। আন্দোলনকারী কৃষকেরা বলেন, ইছামতী নদীর শাঁখরা এলাকায় নির্মিত স্লুইসগেটটি দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ড পরিত্যক্ত ঘোষণা করে বন্ধ করে দেয়। পরে স্লুইসগেটের সামনে একটি বাঁধ দেওয়া হয়। চার মাস আগে সীমান্তবর্তী কয়েকটি বিলের পানি নিষ্কাশনের জন্য জেলা প্রশাসকের নির্দেশে স্লুইসগেটের ক্লোজারটি কেটে দেওয়া হয়। এতে প্রথম অবস্থায় পানি কমলেও পরে ইছামতী নদীর পানি বিল ও লোকালয়ে ঢুকে পড়ে। জলাবদ্ধতার সৃষ্টি হয় দাঁতভাঙা, মালিনী ও আলীপুর বিলের ৬০ হাজার বিঘা জমিতে। জলাবদ্ধতার কারণে এসব জমিতে আমন চাষ হয়নি। স্লুইসগেটের তলদেশ দিয়ে পানি ঢুকে দেবহাটা ও সদরের কয়েকটি বিলের বোরো চাষের বীজতলা তলিয়ে যায়। বর্তমানে এসব বিলে বোরো চাষও অনিশ্চিত হয়ে পড়েছে। সড়ক অবরোধ চলাকালে শহরতলীর বাকাল মোড়ে অনুষ্ঠিত এক সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী দাঁতভাঙা, মালিনী ও আলীপুর বিলের প্রায় ৬০ হাজার বিঘা জমি পাঁচ মাস ধরে পানিতে ডুবে রয়েছে। ফলে আমন ধান হয়নি। ভেসে গেছে কয়েক শ চিংড়িঘের ও পুকুর। তাঁরা বলেন, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন উদ্যোগ না নেওয়ায় এ জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। ফলে সাতক্ষীরা সদর ও দেবহাটার ৩০টি গ্রামের ১০ হাজারের বেশি কৃষক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থা অব্যাহত থাকলে বোরো চাষও হবে না।কমিটির আহ্বায়ক শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন কমিটির যু্গ্ম আহ্বায়ক সাবেক সাংসদ মুনছুর আহম্মেদ, মশিউর রহমান, আবদুল কাদের, এস এম শওকত হোসেন, শেখ আজাহার হোসেন, আশরাফুজ্জামান প্রমুখ। কমিটি সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক আবদুস সামাদ মুঠোফোনে সাবেক সাংসদ মুনছুর আহম্মেদকে জলাবদ্ধতা নিরসনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। পরে কাল বুধবারের মধ্যে জলাবদ্ধতা নিরসনে সরকারিভাবে উদ্যোগ নেওয়া না হলে বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করার ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।