সাতক্ষীরায় কোটি টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠান উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গ্রাহকের বিনিয়োগ করা প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করে ট্রাস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড নামের একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সাতক্ষীরা জেলা শহরের শহীদ নাজমুল সরণির হাসিনা ভিলায় ওই কোম্পানির ভাড়া নেওয়া কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে গ্রাহকেরা বিক্ষোভ করেন।
ওই কোম্পানির বিভাগীয় সমন্বয়কারী পদে নিয়োগ পাওয়া রেহেনা পারভীন বলেন, গত অক্টোবরে সাতক্ষীরায় ওই কোম্পানি নয়টি কার্যালয় খোলে। এসব কার্যালয়ের মাধ্যমে প্রায় নয় শ মানুষের কাছ থেকে তিন হাজার থেকে ৫০ হাজার টাকা করে পলিসি খুলে কমপক্ষে এক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
রেহেনা পারভীন বলেন, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচয় দিয়ে আবদুল ওহাব ওরফে দুলাল নামের একজন মাসে ২০ হাজার ৪০০ টাকা বেতন দেওয়ার কথা বলে তাঁকে এখানে চাকরি দেন। একই সঙ্গে তাঁকে দিয়ে নগদ ২৪ হাজার টাকার একটি পলিসিও খুলে নেন। অনেক কষ্ট করে তিনি এখানে টাকা বিনিয়োগ করেন। এক মাস চাকরিও করেছেন। কিন্তু বেতন পাননি। গতকাল তিনি অন্যদিনের মতো অফিসে যান। গিয়ে দেখেন আবদুল ওহাব ও সাতক্ষীরা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রিতা আক্তারসহ বাইরের জেলার চাকরিজীবীরা পালিয়ে গেছেন।
গ্রাহকেরা তাঁদের না পেয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় অনেকে কার্যালয়ের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব নিয়ে চলে যান। তাঁরা অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
কয়েকজন গ্রাহক বলেন, সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের রাবেয়া সুলতানা ১০ হাজার, জেলা শহরের মুনজিত এলাকার মৌসুমি আক্তার ২০ হাজার, খুলনা মোড় এলাকার মাহফুজা পারভিন ও পাটকেলঘাটা উপজেলার উৎস সাহা ৫০ হাজার করে এবং আশাশুনি উপজেলার মিয়া রাজ হোসেন ১০ হাজার টাকার পলিসি খোলেন। তাঁরা বলেন, তাঁদের পলিসির বিপরীতে চাকরি দেওয়ার কথা বলা হয়। গতকাল সকালে এসে তাঁরা দেখেন কার্যালয় বন্ধ। কর্মকর্তারা পালিয়েছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য গ্রাহকদের কাছ থেকে নেওয়া মুঠোফোন নম্বরে কোম্পানিটির এমডি আবদুল ওহাব ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রিতা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। করলে ব্যবস্থা নেওয়া হবে।