সাতক্ষীরায় ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন নাগরিক প্রতিনিধিদের, বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত ও ক্ষতিগ্রস্ত লোকজনের বাড়ি পরিদর্শন শেষে ঘটনার সঙ্গে দায়ী প্রসাশনিক কর্মকর্তা ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধিদল। তারা ছাত্রলীগের সাবেক নেতা মামুন হত্যাকারীদের গ্রেপ্তার, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানায়।গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ দাবি জানায় নাগরিক প্রতিনিধিদল। এর আগে ১৩ সদস্যের প্রতিনিধিদলটি সম্প্রতি জামায়াত-শিবিরের সহিংসতার শিকার সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ বি এম মামুন ও আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করে। তা ছাড়া সদর উপজেলার ব্যাকদাহ বাজারের হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত দোকানপাটও পরিদর্শন করে দলটি।প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, সম্প্রীতি মঞ্চের ডেনিস দিলীপ দত্ত, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব মীর প্রমুখ।