সাতক্ষীরায় খাওয়ার পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সাতক্ষীরা শহরে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়ছে এলাকার মানুষ। সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ দপ্তর থেকে জানা যায়, সরবরাহ কেন্দ্রের ক্ষমতা রয়েছে চার হাজার লাইন সংযোগ দেওয়ার। অথচ বর্তমানে সংযোগ রয়েছে সাত হাজার ৬৫৮। এসব সংযোগের জন্য প্রয়োজন প্রতিদিন ১৩ হাজার ২০০ ঘনফুট পানি। ছয়টি পাম্পের সব কটি চালু থাকলে সাত হাজার ২০০ ঘনফুট উত্পাদন সম্ভব। একটি পাম্প অকেজো ও আরও তিনটি পুরোনো হয়ে যাওয়ায় বর্তমানে উত্তোলন করা হচ্ছে মাত্র পাঁচ হাজার ঘনফুট পানি। অর্থাত্ প্রতিদিন ঘাটতির পরিমাণ আট হাজার ২০০ ঘনফুট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সাতক্ষীরা শহরের অধিকাংশ টিউবওয়েলের পানিতে সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত আর্সেনিক আছে। তিনি বলেন, সহনীয় মাত্রা হলো প্রতি লিটারে ০.০৫ মিলিগ্রাম। কিন্তু আছে ৪০ মিলিগ্রাম পর্যন্ত। তিনি বলেন, তবে লবণাক্ততার পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে তিন থেকে চার গুণ বেশি, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।