সাতক্ষীরায় খাল কাটা নিয়ে অনিময়-দুর্নীতির অভিযোগ
সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খাল কাটার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া খাল পাড়ের গাছ কেটে ফেলা ও সড়কের ওপর পচা মাটি ফেলায় পরিবেশ দূষণের মুখে পড়েছে শহরবাসী। ভূমিহীন সমিতিসহ সুশীল সমাজের নেতারা এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও কর্ণপাত করছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো বিভাগ-১-এর কার্যালয় সূত্রে জানা গেছে, জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় সাতক্ষীরা ভরাট হয়ে যাওয়া প্রাণসায়ের খালের এল্লাচর থেকে কদমতলা সেতু পর্যন্ত ১০ কিলোমিটার পুনঃখননের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১২ সালের ২৮ জুন দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে প্রাক্কলিত মূল্যের চেয়ে শতকরা ২৪ ভাগ কমে ৯২ লাখ ৫৫ হাজার টাকায় কাজটি পায় ঢাকার আর কে মিশন রোডের মেসার্স নিয়াজ ট্রেডার্স। ওই বছরের ২০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি কার্যাদেশ পায়, কাজ শুরু করে ১৮ অক্টোবর। শেষ হওয়ার কথা আগামী ১৪ এপ্রিল।কার্যাদেশ অনুযায়ী, ভরাট হয়ে যাওয়া খালটি সম্পূর্ণ পানি শুকিয়ে তারপর কাটতে হবে। খালের তলার চওড়া হবে ৩০-৩৫ ফুট, ওপরের অংশ চওড়া হবে ৬০-৮০ ফুট এবং গভীর হবে দেড় ফুট থেকে সাড়ে চার ফুট।গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, পানি না শুকিয়ে খাল কাটা হচ্ছে স্ক্যাবেটর মেশিন দিয়ে। ভরাট খালের শুধু ওপরের কাদা তুলে ফেলা হচ্ছে পাশের সড়কের ওপর। ফলে ওই সড়কে মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। পচা আর দুর্গন্ধ কাদায় পলাশপোল এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। খাল পাড়ের কয়েক শত গাছ উপড়ে ফেলা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে একজন প্রকৌশলী জানান, খাল কাটার আগে জরিপে ভুল তথ্য দিয়ে বেশি ভরাট দেখানো ও প্রাক্কলিত মূল্য বেশি করা হয়েছে। খাল পাড়ের বাসিন্দা আবদুল জলিল জানান, কয়েক দিন ধরে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। দুর্গন্ধে এলাকায় বসবাস দায় হয়ে পড়েছে। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান জানান, খাল প্রায় চার কিলোমিটার কাটা দেখানো হয়েছে। কিন্তু এভাবে খাল কেটে শুধু সরকারি টাকার অপচয় হচ্ছে আর কয়েকজন ঠিকাদার ও পাউবোর কর্মকর্তারা লাভবান হচ্ছেন। পাউবোর কর্মকর্তাদের ঝুড়ি-কোদালে মাটি কাটার জন্য বলা হলেও কাটছে না। পানি না শুকিয়ে নামমাত্র পচা কাদা উপরের থেকে তুলে কাজ সারছে। জেলা ন্যাপের সভাপতি কাজী সাঈদুর রহমান বলেন, জরিপেই গোজামিল রয়েছে। যারা জরিপ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মেসার্স নিয়াজ ট্রেডার্সের পক্ষে কাজ তদারকি করছেন সাতক্ষীরা শহরের আবদুল হক। তিনি জানান, কাজ দেখে নেওয়ার দায়িত্ব পাউবো কর্তৃপক্ষের। পাউবোর পক্ষে কাজের তদারকির দায়িত্বে থাকা শাখা কর্মকর্তা মো. নূরজ্জামান বলেন, পানি শুকাতে গেলে কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা কঠিন। এভাবে এতটুকু কাটা হচ্ছে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা বুঝলেই হলো, সবার তো বোঝার দরকার নেই।’ সড়কের ওপর পচা কাদা রাখার বিষয়ে তিনি বলেন, ‘মাটি দূরে ফেলার টাকা টেন্ডারে নির্ধারিত টাকার মধ্যে ধরা নেই। মাটির জন্য কয়েক দিন সমস্যা হবে।’ তিনি দাবি করেন, ঠিকাদার কাজ সিডিউল অনুযায়ী করছে।