সাতক্ষীরায় গণপিটুনিতে জামায়াত কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকায় গতকাল শুক্রবার রাতে আক্তার হোসেন (৪৬) নামের জামায়াতের একজন কর্মী নিহত হয়েছেন।

আক্তার হোসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তিনি কুলিয়া গ্রামের বজলে রহমানের ছেলে।

নিহত আক্তার হোসেনের ছোট ভাই মোক্তার আলীর ভাষ্য, গতকাল রাত ১১টার দিকে চাঁদপুর মোড়ের একটি মসজিদে তাঁর ভাই এশার নামাজ পড়ছিলেন।  নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ২০-৩০ জন লোক তাঁকে ধরে মারধর শুরু করে। পরে সেখান থেকে তাঁকে সখীপুর এলাকায় নিয়ে আবার মারধর করা হয়। রাত ১১টার পর তিনি তাঁর ভাইয়ের আর কোনো খবর পাননি। আজ সকালে শুনতে পান তাঁর ভাই মারা গেছেন।  লাশ দেবহাটা থানা চত্বরে রাখা আছে।

মোক্তার আলীর ভাষ্য, আবু রায়হান হত্যার সঙ্গে তাঁর ভাই জড়িত নন। তাঁকে সন্দেহ করা হয়। তবে তাঁর ভাই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জামালউদ্দিন আহমেদ জানান, গতকাল রাত ১১টার দিকে চাঁদপুর এলাকা থেকে আক্তার হোসেনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্তার হোসেনকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, গত ২৩ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আক্তার আলী একজন জামায়াত কর্মী। তাঁর বিরুদ্ধে গাছকাটা ও সহিংসতার অভিযোগে দুটি মামলা আছে। আক্তার হোসেনের নিহতের ঘটনায় দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) তানভির হাসান বাদী হয়ে অজ্ঞাত ১৫০-১৬০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।