সাতক্ষীরায় গণমনস্তাত্ত্বিক রোগে আট শিক্ষার্থী আক্রান্ত
সাতক্ষীরার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আটজন শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক (হিস্টিরিয়া) রোগে আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় চালাকালীন হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে। আক্রান্তদের মধ্যে তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা হক বলেন, গতকাল দুপুরে টিফিনের সময় হঠাৎ করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তামান্না সুলতানা ও তাবাসসুম ইসলাম অসুস্থ অনুভব করে। তাদের শ্বাসকষ্টের পাশাপাশি মাথাব্যথা ও হাত-পা অবশ হয়ে যায়। এদের পরপরই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দিব্যারানী দাস, অনিকা নাওশীন, সুপর্ণা মৈত্র ও জাহিদা আক্তার, অষ্টম শ্রেণির মৌমিতা জামান ও ফারিল এশা অসুস্থ হয়ে পড়ে।
সাতক্ষীরা সদর হাসপাতালে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা অনিকা নওশীন জানায়, হঠাৎ করে তার শ্বাসকষ্টের পাশাপাশি মাথাব্যথা শুরু হয়। আর হাত-পা অবশ হয়ে যায়।
শহরের মধুমল্লারডেঙ্গী এলাকার মমতাজ বেগম বলেন, তিনি বিদ্যালয়ে গিয়ে দেখেন তাঁর মেয়ে তামান্না অচেতন হয়ে আছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস বলেন, এটি এক ধরনের মানসিক রোগ। স্নায়ুবৈকল্যের কারণে একজন এ রোগে আক্রান্ত হলে পাশাপাশি অন্যরাও আক্রান্ত হতে পারে। কিশোর বয়সের ছেলেমেয়েরা এতে বেশি আক্রান্ত হয়ে থাকে। এতে ভয়ের কিছু নেই।