সাতক্ষীরায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় আজ মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে হাফিজুল ইসলাম (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হারান পাল (৬০) নামের একজন সাইকেল মিস্ত্রি। সকাল নয়টার দিকে সদর উপজেলার ঝাউডাঙা বাজারে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত হাফিজুল শিবিরের কর্মী। তিনি গোবিন্দকাটি গ্রামের লোকমান হোসেনের ছেলে। অবরোধে পিকেটিং করার সময় হাফিজুল গুলিবিদ্ধ হন। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৮৩ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন জানান, সকাল পৌনে নয়টার দিকে ৫০-৬০ জন অবরোধকারী সাতক্ষীরা-যশোর মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করে। এ সময় সেখানে যৌথ বাহিনী গেলে অবরোধকারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে হাফিজুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময়  মহাসড়কের পাশে সাইকেল মেরামতকারী হারান পাল নিজের দোকানে গুলিবিদ্ধ হন। শেষ খবর পাওয়া পর্যন্ত হাফিজুলের লাশ ঘটনাস্থলে পড়ে ছিল এবং হারানকে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তাঁর বাড়ি কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামে।

পুলিশ এ ঘটনায় যৌথ বাহিনীর কথা বললেও স্থানীয় লোকজন সে সময় পুলিশ ছাড়া সেখানে কাউকে দেখতে পায়নি বলে জানিয়েছেন। নিহত হাফিজুল স্থানীয় ভ্যানচালক বলেও দাবি করেছেন স্থানীয় লোকজন।