সাতক্ষীরায় গুলিবিদ্ধ ২, ছিনতাইকারী দাবি
সাতক্ষীরায় আজ বুধবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা ছিনতাইকারী।
হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে রুবেল (৩৫) ও রুবেল হোসেন (২৫)।
পুলিশের দাবি, গতকাল মঙ্গলবার ছিনতাইকারী একটি দলের সঙ্গে পুলিশের সংঘর্ষে এই দুজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ দুজনের দাবি, তাঁদের ধরে নিয়ে গুলি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসিরউদ্দিনের ভাষ্য, সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দল অনেক দিন ধরে সীমান্ত এলাকা থেকে আসা গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করে আসছে। এই চক্রের প্রধান শাহাবুদ্দিন আহম্মেদ। গতকাল রাতে পুলিশ খবর পায়, ছিনতাইকারীদের ওই দলটি সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দত্তডাঙ্গা এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে রাত তিনটার দিকে পুলিশ দত্তডাঙ্গা চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও ১২-১৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় পুলিশের কনস্টেবল আবদুল আলিম ও এমদাদ হোসেন সামান্য আহত হয়েছেন।
গুলিবিদ্ধ শাহাবুদ্দিন আহম্মেদের ভাষ্য, তাঁকে দেবহাটা উপজেলার বহেড়া এলাকা থেকে গতকাল রাত আটটার দিকে আটক করে পুলিশ। পরে তাঁর চোখ বেঁধে বিভিন্ন এলাকা ঘুরিয়ে আশাশুনির প্রতাপনগর এলাকা থেকে রুবেল হোসেনকে আটক করে। রাত তিনটার দিকে সাতক্ষীরার শহরতলির দত্তডাঙ্গা চৌরাস্তা মোড়ে নিয়ে তাঁদের পায়ে গুলি করে পুলিশ। নিজেকে আওয়ামী লীগের সমর্থক বলে দাবি করে তিনি বলেন, দলীয় বিরোধে স্থানীয় দুই নেতার কারসাজিতে তাঁকে গুলি করা হয়েছে।
রুবেল হোসেনের ভাষ্য, আশাশুনির প্রতাপনগর এলাকার চিংড়িঘের এলাকা থেকে গতকাল রাত ১১টার দিকে পুলিশ তাঁকে আটক করে। শাহাবুদ্দিন তাঁর নাম বলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে চোখ বেঁধে তাঁদের সাতক্ষীরা সদর উপজেলার দত্তপাড়া এলাকায় নিয়ে পায়ে গুলি করে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিত্সক জাহাঙ্গীর আলমের ভাষ্য, শাহাবুদ্দিনের দুই পায়ের হাঁটুতে গুলি লেগেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রুবেলের ডান পায়ের গোড়ালির ওপরে গুলি লেগেছে। দুজনের পায়ে অস্ত্রোপচার করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, গুলিবিদ্ধ শাহাবুদ্দিন একটি ছিনতাই চক্রের প্রধান। তাঁর সহযোগী রুবেল। কুশখালী, বৈকারি, ঘোনা, বাঁশদাহ, শিবপুর, আবাদেরহাট এলাকা থেকে টাকা নিয়ে ব্যবসায়ীরা সাতক্ষীরা শহরে ব্যাংকে জমা দিতে এলে ছিনতাই করে চক্রটি। এঁদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ।
পরিদর্শক (তদন্ত) মো. নাসিরউদ্দিনের ভাষ্যমতে, শাহাবুদ্দিনের নামে পাঁচটি ও রুবেলের নামে টাকা ছিনতাইয়ের চারটি মামলা রয়েছে। তাঁরা এত দিন পলাতক ছিলেন। প্রাথমিক চিকিত্সা শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।