সাতক্ষীরায় গৃহবধূ হত্যার বিচার দাবিতে থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামে যৌতুকের দাবিতে সাবিনা খাতুন (১৯) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৩ জুনের এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সোমবার সাতক্ষীরা সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার হাড়দ্দাহ, শাখরা, ভোমরাসহ ওই এলাকার কয়েকটি গ্রামের কয়েক শ মানুষ গতকাল দুপুরে ইঞ্জিনচালিত ভ্যানে করে সাতক্ষীরা সদর থানার পাশে শহীদ আবদুর রাজ্জাক পার্কে জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা গৃহবধূ সাবিনা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিয়ে থানা ঘেরাও করেন। এ সময় সদর থানার ওসি আসলাম খান আসামিদের দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী সেখান থেকে সরে যান। পরে তাঁরা সাতক্ষীরা প্রেসক্লাবে গিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।