সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম আশুরা খাতুন (১৯)। তিনি পশ্চিম মৌতলা খানপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে।

 আশুরার বাবা কালীগঞ্জ উপজেলার নমাজগড় গ্রামের সুরত আলী মোড়ল অভিযোগ করেন, শাজাহান আলীর ছেলে দিনমজুর আবু তাহেরের সঙ্গে তাঁর মেয়ে আশুরার সাড়ে ছয় মাস আগে বিয়ে হয়। গত বৃহস্পতিবার সকালে তাহের এবং তাঁর বাবা ও মা নুরুন্নেছা বেগম (৫০) ব্যবসা করার জন্য আশুরাকে বাবার বাড়ি থেকে ২০ হাজার টাকা আনতে বলেন। টাকা আনতে রাজি না হওয়ায় তাঁরা তাঁকে লাঠি দিয়ে পেটান। পরে  তিনি (আশুরা) জ্ঞান হারিয়ে ফেললে তাঁরা মুঠোফোনে তাঁকে (সুরত আলী) তাঁর মেয়ে হূদরোগে আক্রান্ত হয়েছে বলে জানান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁর মেয়ে মারা গেছেন। রাত ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আশুরার শাশুড়ি নুরুন্নেছা বেগম দাবি করেন, যৌতুকের জন্য নয়, সংসারের অভাবের কারণে তাহের ও আশুরার মধ্যে ঝগড়া হতো। বৃহস্পতিবার তাঁরা আশুরাকে কয়েকটি চড় মারেন। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক রিফাতুল ইসলাম জানান, মৃতের পা, গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আশুরার বাবা বাদী হয়ে শুক্রবার থানায় জামাতা আবু তাহের, তাঁর বাবা শাজাহান আলী ও মা নুরুন্নেছা বেগমের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গাছচাপা পড়ে মৃত্যু

আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে গতকাল শুক্রবার সকালে গাছের নিচে চাপা পড়ে রমেছা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আসগার আলীর স্ত্রী।