সাতক্ষীরায় গৃহবধূর দায়ের কোপে এক ব্যক্তি নিহত
সাতক্ষীরায় এক গৃহবধূর দায়ের কোপে গত বৃহস্পতিবার দিবাগত রাতে শহিদুল ইসলাম গোলদার (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আশাশুনি উপজেলার খাসবাগান গ্রামের সামজেদ গোলদারের ছেলে। এ ঘটনায় পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া গৃহবধূ জাবেদা খাতুন জানান, খাসবাগান এলাকার শহিদুল ইসলাম তাঁদের প্রতিবেশী। বৃহস্পতিবার রাতে তাঁর স্বামী আবদুল মালেক গোলদার বাড়িতে না থাকার সুযোগে রাতে শহিদুল তাঁদের বাড়িতে আসেন। ওই গৃহবধূকে একা পেয়ে কথাবার্তার একপর্যায়ে শহিদুল তাঁকে আপত্তিকর প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন শহিদুল। তখন হাতের কাছে থাকা দা দিয়ে কোপ দেন জাবেদা। ওই অবস্থায় শহিদুল পালাতে গেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার এবং জাবেদাকে গ্রেপ্তার করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে শহিদুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শহিদুলের স্ত্রী থানায় হত্যা মামলা করেছেন। তাতে পূর্ববিরোধের জের ধরে আবদুল মালেক তাঁর স্বামীকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছেন বলে উল্লেখ করেছেন। মামলায় জাবেদা, তাঁর স্বামী আবদুল মালেক ও দেবর রফিকুল ইসলামকে আসামি করা হয়েছে। অন্য দুই আসামি পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি।